২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে কমিউনিটি রেডিওর সুখবর: ইনু

কমিউনিটি রেডিওকে প্রযুক্তিগতভাবে টেকসই করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:42 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “কমিউনিটি রেডিও টেকসই উন্নয়নে ভূমিকা রাখে, কিন্তু তা নিজেই টেকসই না। চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিটি রেডিওকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে টেকসই করা।”

নতুন বছরে সুখবর দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, “আর্থিকভাবে সক্ষম করতে নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। নতুন বছরে একটি সুখবর আসবে।”

প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন (বিসিআরএ) আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে কমিউনিটি রেডিওর ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভা হয়।

তথ্যমন্ত্রী বলেন, অধিকারহীন মানুষের অধিকার সম্পর্কে অবগত করার জন্য কমিউনিটি রেডিওগুলোকে কাজ করতে হবে।

“স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, লিঙ্গ বৈষম্য, বাল্য বিয়ের কুফল বিষয় কমিউনিটি রেডিওর কণ্ঠস্বরের মাধ্যমে সচেতনতামূলক কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিজ্ঞান দিতে হবে এর মাধ্যমে।”

৩২টি কমিউনিটি রেডিও বাংলাদেশের জন্য যথেষ্ট নয় জানিয়ে হাসানুল হক ইনু বলেন, “কমিউনিটি রেডিওর সংখ্যা আরও বাড়াতে হবে। টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে কমিউনিটি রেডিওকে আর্থিক এবং টেকসই কীভাবে করা যায় আলোচনা সাপেক্ষে তা বাস্তবায়ন করার উদ্যোগ নেব।”

প্রান্তিক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য, শিক্ষা, অধিকারসহ অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে কমিউনিটি রেডিও বিরাট ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


সভায় কমিউনিটি রেডিও বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা।

সভাপতিত্ব করেন বিসিআরএ এর সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম।

অন্যদের মধ্যে জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজুর রহমান, পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।