২১ অগাস্ট মামলায় বেক্সিমকো কর্মকর্তার সাক্ষ্য
২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় এবার সাক্ষ্য দিয়েছেন এ ঘটনায় নিহত আইভি রহমানের মৃতদেহের সুরতহালের প্রত্যক্ষদর্শী বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা জাকারিয়া সিরাজ চৌধুরী।
রাজধানীর নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১-নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ২০২তম সাক্ষী হিসেবে মঙ্গলবার তিনি জবানবন্দি দেন।
বিসিবি'র বর্তমান সভাপতি পাপন ওই সময় বেক্সিমকো গ্রুপে কাজ করতেন।
গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় বিচারক আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন রেখেছেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিনে আদালতে হাজির করা হয়
অন্যদিকে জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।
এ মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও আসামি ছিলেন। সম্প্রতি যুদ্ধাপরাধ মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
জাকারিয়া সিরাজের আগে মামলার ২০১তম সাক্ষী হিসেবে সোমবার জবানবন্দি দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরুল্যাহ।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪৯২ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়।
হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন অনেকে। ওই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান, ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণেন্দ্রীয়।
