বৃহস্পতিবার ৬৪ জেলায় একযোগে ১৫ দিনের চলচ্চিত্র উৎসব শুরু
শিল্পকলা একাডেমির উদ্যোগে ঢাকাসহ দেশের সব জেলা শহরে বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হচ্ছে ১৫ দিন ব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৫’।
মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আগামী ১০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ উৎসবে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং একাডেমির সব জেলা কার্যালয়ে একযোগে একই ধরনের চলচ্চিত্র প্রদর্শন করা হবে জানান তিনি।
লিয়াকত আলী লাকী বলেন, ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬.০০ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন হবে।
পরের বছর থেকে চলচ্চিত্রের পাশাপাশি তথ্যচিত্র ও প্রমাণ্যচিত্রের প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সম্মেলনে উৎসবের প্রস্তুতির ব্যাপারে বলা হয়, ইতোমধ্যে প্রায় সবকটি জেলায় ভিডিও প্লেয়ার, মোবাইল সাউন্ড সিস্টেম এবং প্রজেক্টর পাঠানো হয়েছে।
