৩ কেজি কোকেনসহ স্পেনের নাগরিক আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজির বেশি কোকেনসহ স্পেনের এক নাগরিককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে কোকেনসহ থিয়াসেস পেয়ো হুলিয়ানকে (৫২) আটক করা হয় বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুবাই থেকে আসা হুলিয়ানের একটি ব্যাগের মধ্যে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় তিন কেজি ৮০ গ্রাম কোকেন পাওয়া গেছে।
তিনি বলেন, “স্ক্যানিং মেশিনে কোকেনগুলো ধরা পড়েনি। পরে আমাদের সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করে কোকেনগুলো পাওয়া যায়।”
হুলিয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুকুল জ্যোতি চাকমা।
