চার মামলায় শওকত মাহমুদের জামিন বহাল
নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদের জামিন বহাল রয়েছে।
শওকত মাহমুদের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনে মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।
এ দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের দুই মামলায় শওকত মাহমুদকে নিয়মিত জামিন দিয়েছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন।
শওকত মাহমুদের আইনজীবী মোরশেদ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ অগাস্ট গ্রেপ্তারের পর জাতীয় প্রেসক্লাবের সাবেক এই সভাপতিকে ১৮টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ১৬টিতে তিনি জামিন পেয়েছেন।
এর ফলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ এখনই মুক্তি পাচ্ছেন না।
চার মামলায় বহাল
নাশকতার অভিযোগে রামপুরা থানার দুই মামলা, পল্টন ও খিলগাঁও থানার একটি করে মোট চার মামলায় এর আগে হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন শওকত মাহমুদ। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে মঙ্গলবার তা চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন এ জেড এম মোরশেদ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
নাশকতার অভিযোগে ৯ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি রামপুরা থানায় করা দুই মামলায় এবং ২ ফেব্রুয়ারি পল্টন থানায় এবং ৩০ জানুয়ারি খিলগাঁও থানায় একটি করে করা মামলায় হাই কোর্ট থেকে জামিন পান শওকত।
এর মধ্যে রামপুরা থানার একটিতে, পল্টন ও খিলগাঁও থানার দুটি মামলায় ৯ নভেম্বর হাই কোর্ট তার জামিন মঞ্জুর করে। রামপুরা থানার অপর মামলায় ১০ নভেম্বর শওকত মাহমুদ হাই কোর্ট থেকে জামিন পান।
দুটিতে হাই কোর্টে জামিন
চৌদ্দগ্রাম থানায় করা দুই মামলায় শওকত মাহমুদের জামিন প্রশ্নে রুল শুনানি শেষে মঙ্গলবার হাই কোর্ট (রুল অ্যাবসিলিউট) তাকে নিয়মিত জামিন মঞ্জুর করে।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ৩ ফেব্রুয়ারি করা এই দুই মামলায় কেন শওকত মাহমুদকে নিয়মিত জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে হাই কোর্ট রুল দিয়েছিল।
ওই রুলের ওপর শুনানি শেষে মঙ্গলবার হাই কোর্ট নিয়মিত জামিন মঞ্জুর করে।
আদালতে শওকত মাহমুদের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান খান ও মোরশেদ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
