ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়ের দ্রুত সমাধানের আশা রাষ্ট্রপতির
স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গতিশীল হয়েছে মন্তব্য করে অন্যান্য অমীমাংসিত বিষয়গুলোর ক্ষেত্রেও ‘দ্রুত শান্তিপূর্ণ সমাধান’ হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ মঙ্গলবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থল সীমানা চুক্তি বাস্তবায়নে ভারতের বর্তমান সরকারের আন্তরিকতার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
“তিনি বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুবৎসল প্রতিবেশী দেশ। দুই দেশের সংস্কৃতির মিল রয়েছে। উভয় দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। দুই দেশেরই সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগালে দুই দেশ উপকৃত হবে।”
ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল যোগাযোগের সুযোগ বৃদ্ধি পাওয়ায় দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করার কথা মনে করে আবদুল হামিদ সেদেশের সরকার ও জনগণের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি গত বছর তার ভারত সফরের কথাও এ সময় স্মরণ করেন। তিনি দেশটির আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং বিদায়ী দূতের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানান।
পঙ্কজ শরণ দায়িত্বে থাকার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তার ‘ভূয়সী’ প্রশংসা করেন রাষ্ট্রপতি।
ভারতের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ ও সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ যে কোনো দুর্যোগ ও প্রয়োজনে ভারতের পাশে থাকবে।
ভারতের বিদায়ী দূত বলেন, ভারত সবসময় বাংলাদেশকে ‘ভালো বন্ধু’ হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের উন্নয়নে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে দায়িত্বপালনের দিনগুলোতে সার্বিক সহযোগিতার জন্য পঙ্কজ শরণ রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন বলে প্রেস সচিব জানান।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাত করেন ভারতের বিদায়ী রাষ্ট্রদূত।
শ্রীলঙ্কার বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত
শ্রীলঙ্কার বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল গগন পাউলাস্থি ভুলাথসিংগালা মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি দুই দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।
শ্রীলঙ্কার বিমান বাহিনী প্রধান বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ সুবিধার কথা তুলে ধরে বলেন, এর ফলে তার দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা বাড়ছে।
রাষ্ট্রপতি শ্রীলঙ্কা থেকে আরও বেশি সংখ্যক কর্মকর্তাকে এসব সামরিক প্রশিক্ষণে পাঠানোর আহ্বান জানান।
তিনি শ্রীলঙ্কার বিমান বাহিনীর প্রধানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্টকে শুভেচ্ছাও জানান।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে সপ্তাহে প্রতিদিন বিমান চলাচলের কথা উল্লেখ করে ভুলাথসিংগালা বলেন, এর ফলে দুই দেশের জনগণের সম্পর্ক এবং বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আগের চেয়ে বেড়েছে।
