একাত্তরের ‘নিষ্ঠুর ঘাতক’ সাকার ফাঁসিতে কলঙ্কমুক্ত চট্টগ্রাম
একাত্তরে নজিরবিহীন নিষ্ঠুরতা দেখিয়ে গণহত্যা ও হত্যার দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী কলঙ্ককমুক্ত হয়েছে বলে মনে করেন শহীদজায়া বেগম মুশতারী শফী।
রোববার প্রথম প্রহরে চট্টগ্রমের ত্রাস খ্যাত এই যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কুখ্যাত এ অপরাধীর প্রাণদণ্ডে আমি আনন্দিত। সে চট্টগ্রামে খুন-হত্যাসহ যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার জন্য উপযুক্ত শাস্তিই হয়েছে।’’
মুক্তিযুদ্ধে স্বামী হারানো এই লেখিকা বলেন, “একাত্তরে তারা যত মানুষকে মেরেছে তাদের ঠিকমতো দাফন পর্যন্ত হয়নি। আমরা ৪৪ বছর ধরে তার ফাঁসির জন্য অপেক্ষা করেছিলাম।
সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তিনি।
চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজানে খুন-গণহত্যা চালানো কুখ্যাত এ অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরে চট্টগ্রামবাসী আনন্দিত।
“একাত্তরে সালাউদ্দিন কাদের যে অপরাধ করেছেন তার উপযুক্ত শাস্তিই পেয়েছেন। তার এ শাস্তির মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা সালাউদ্দিন কাদের ও তার দোসরদের হাতে শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।”
গণজাগরণ মঞ্চের দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছে সন্তুষ্টি প্রকাশ করে চিহ্নিত অন্য যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করে তা দ্রুত কার্যকরের দাবি জানান শরীফ চৌহান ।
সালাউদ্দিন কাদের চৌধুরী
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও নাকচ হলে রোববার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরের এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
রায়ের পর্যবেক্ষণে এসেছে, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় রাজনৈতিক প্রতিপক্ষ ও হিন্দু সম্প্রদায়ের উপর সালাউদ্দিন কাদের চৌধুরীর নিষ্ঠুরতার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়াই যথাযথ হয়েছে। …নজিরবিহীন নিষ্ঠুরতার জন্য কোনো উদারতা পাওয়ার যোগ্য নন তিনি।
সালাউদ্দিন কাদের ঠাণ্ডা মাথায় সুপরিকল্পিত ছকে এসব অপরাধ সংগঠন করেছেন বলেও আপিলের রায়ে উঠে আসে।
“সেই এলাকায় তার রাজনৈতিক প্রতিপক্ষ ও হিন্দু সম্প্রদায়কে সম্পূর্ণ বিনাশ করতে তিনি এই সব অপরাধ সংঘটন করেছেন। গণ মানুষকে হত্যায় তার এই মিশনকে তিনি সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছেন, যা দখলদার সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের সাহায্যে সংগঠিত নজিরবিহীন নিষ্ঠুরতা।”
