নূরকে ফেরাতে অর্থ চায় পররাষ্ট্র মন্ত্রণালয়
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবি এম এইচ নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে ল’ ফার্ম নিয়োগে অর্থ বরাদ্দ চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাছান মাহমুদ আলী ওই চিঠিতে দুই লাখ ডলার অর্থ বরাদ্দ দিতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এ বিষয়ে (নূর চৌধুরীকে ফিরিয়ে আনার কাজে) অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হবে। তবে কত বরাদ্দ দিতে হবে তা নিয়ে আমি নিজে একটু খোঁজ-খবর নিচ্ছি। এরপর বরাদ্দ দেওয়া হবে।”
পররাষ্ট্রমন্ত্রী ওই চিঠিতে লিখেছেন, “প্রধানমন্ত্রী নূর চৌধুরীকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার লক্ষ্যে কানাডীয় ল’ ফার্ম নিয়োগ এবং আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট ব্যয় নির্বাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনি সহায়তা’ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছেন।”
ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও এ বিষয়ে মুহিতের আলোচনা হয়েছে, যাতে অর্থ বরাদ্দে স্বরাষ্ট্রমন্ত্রীও সম্মতি দিয়েছেন।
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী বর্তমানে কানাডায় রয়েছেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নিজদেশে প্রত্যাবাসনে কানাডীয় সরকার অনমনীয় নীতি অনুসরণ করে থাকে।
২০০১ সালে যুক্তরাষ্ট্র বনাম বার্নস মামলার রায়ে কানাডার সুপ্রিম কোর্ট এ ধরনের আসামিদের স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
এজন্য বাংলাদেশ সরকার বারবার কানাডা সরকারের কাছে নূর চৌধুরীকে ফেরত চাইলেও দেশটি অপারগতা প্রকাশ করে আসছে।
এরকম প্রেক্ষাপটে কী করে নূর চৌধুরীকে দেশে ফেরত আনা যায় তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার বেশ কিছু ল’ ফার্মের সঙ্গে কয়েক দফা আলোচনা করে বলে মাহমুদ আলী তার চিঠিতে উল্লেখ করেছেন।
চিঠিতে বলা হয়, ওই মামলার (যুক্তরাষ্ট্র বনাম বার্নস) রায়ে বলা হয়েছে- ‘বিশেষ পরিস্থিতি’ ছাড়া কানাডা সরকার কোনোভাবেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে হস্তান্তর করার পক্ষে নয়।
রায়ে এই ‘বিশেষ পরিস্থিতি’ সংজ্ঞায়িত করা হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে বলেন, নূর চৌধরীর প্রত্যাবাসনের বিষয়টি কানাডার আদালতে উত্থাপিত হলে প্রথমবারের মত কানাডার সুপ্রিম কোর্টে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
নূর চৌধুরীর অপরাধের মাত্রা ‘বিশেষ পরিস্থিতি’ হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা থাকবে বলে আইনজীবীরা মত দিয়েছেন বলেও জানান তিনি।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৭ সালে নূর চৌধুরী শরণার্থী হিসেবে কানাডায় আশ্রয় চাইলেও সেদেশের সরকার তা প্রত্যাখান করেছে। নূর চৌধুরী কানাডা সরকারের কাছে ‘প্রি রিস্ক রিমুভাল অ্যাসেসমেন্ট’ এর আবেদন করেছে, যাতে তিনি উল্লেখ করেছেন- ‘বাংলাদেশে প্রত্যাবাসন করা হলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে’।
কানাডার আইনজীবীরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, সাধারণত এ ধরনের আবেদন অত্যন্ত স্বল্প সময়ে নিষ্পত্তি করা হয়। তবে নূর চৌধুরীর আবেদনটি ছয় বছর ধরে অনিষ্পন্ন রয়েছে, যা স্বাভাবিক নয়।
এ কারণে নূর চৌধুরীকে বাংলাদেশে প্রত্যাবাসনের সম্ভাবনা নেই- তা সরকার মনে করছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।
নূর চৌধুরী লেফটেন্যান্ট কর্নেল মর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন, যিনি বরখাস্ত হয়েছিলেন।
এই হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে ১২ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
এর মধ্যে ২০১০ সালে পাঁচ জনের ফাঁসি কার্যকর হয়েছে। বাকিদের একজন মারা গেছেন; আর ছয় জন পলাতক রয়েছেন।
এই ছয় জনের মধ্যে নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী কানাডায় আছেন বলে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হলেও অন্যদের বিষয়ে কোনো তথ্য নেই।
