ইসি কর্মকর্তাদের ‘হুমকি দেওয়ায়’ কর্মচারী জড়িত
‘শীর্ষ সন্ত্রাসী’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে নির্বাচন কমিশনের এক ডজন কর্মকর্তাকে হুমকিদাতাকে শনাক্তের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইএর প্রধান ডিআইজি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে ব্যক্তি হুমকি দিয়ে তাকে শনাক্ত করে বিষয়টি নির্বাচন কমিশনের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের একজন ‘সিস্টেম অ্যানালিস্ট’ এই হুমকি দেওয়ায় জড়িত বলে পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।
মোবাইল ফোন ট্র্যাক করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পুলিশ কর্মকর্তা মাহবুবু বলেন, “কর্তৃপক্ষ যদি মামলা করেন। তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করব। আর উনারা ইচ্ছা করলে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে পারেন।”
হুমকির পর সোমবার সন্ধ্যা ৭টায় ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব সুধাংশু কুমার সাহা একটি সাধারণ ডায়েরি করেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সোমবার সকালে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত অন্তত এক ডজন কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে সন্ত্রাসী পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়।
