বৃহস্পতিবার দায়িত্ব নেবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশের জনপ্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসাবে আগামী বৃহস্পতিবার দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ শফিউল আলম।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব হিসাবে সোমবার সর্বশেষ সাংবাদিকদের মুখোমুখি হন মোশাররাফ। তিনি বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে যোগ দিতে ওয়াশিংটন যাবেন।
মোশাররাফ বলেন, “তবে ছেড়ে যাচ্ছি না কিন্তু। তিন বছর মেয়াদ। আবার ফিরে আসব। এই পদে আসব না, তবে ফিরে আসব।
“এটা আমার শেষ মন্ত্রিপরিষদ বৈঠক। ২৯ অক্টোবর বিকালে আমি দায়িত্ব হস্তান্তর করব। ওইদিনই চলে যাওয়ার পরিকল্পনা আছে। আমার স্থলাভিষিক্ত যিনি হবেন, উনি ওইদিন অপরাহ্নে দায়িত্বভার গ্রহণ করবেন।”
বর্তমানে ভূমি সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ শফিউল আলমকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ হয়।
জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার শফিউল আলম বাংলাদেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
ভূমি মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।
তার আগে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ভূমি আপিল বোর্ড এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সাবেক যোগাযোগ মন্ত্রণালয়) অতিরিক্ত সচিবের দায়িত্বেও ছিলেন শফিউল।
কর্মজীবনে রাজশাহী বিভাগীয় কমিশনার ছাড়াও মাগুরা ও ময়মনসিংহের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্বে ছিলেন তিনি।
১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা শফিউল আলম ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর তিনি পিআরএলে যাবেন।
