২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক যুবক।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 10:21 AM

Updated : 25 Apr 2022, 02:03 PM

নিহত আরশাদ ব্যাপারী (২৪) উত্তর দৌলতদিয়ার ইমান খাঁ পাড়ার সাহাজুদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি গোয়ালন্দঘাট থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে পুলিশের দাবি।

ওই থানার ওসি এসএম শাহজালাল বলছেন, রোববার রাত দেড়টার দিকে উপজেলার দৌলতদিয়ায় একটি পরিত্যক্ত ইটভাটায় গোলাগুলিতে আরশাদ নিহত হন।

তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় হত্যা, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত ১০টার দিকে দৌলতদিয়া কবরস্থান এলাকা থেকে আরশাদকে গ্রেপ্তারের পর মধ্যরাতে তাকে নিয়ে পদ্মা পাড়ের মঞ্জু মিয়ার পরিত্যক্ত ইটভাটায় অস্ত্র উদ্ধারে গেলে গোলাগুলির ঘটনা ঘটে।

“সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আরশাদের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও আরশাদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

“আরশাদকে প্রথমে গোয়ালন্দ হাসপাতাল এবং পড়ে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি শাহজালাল জানান, গোলাগুলির সময় তিনি নিজে, এসআই রফিকউদ্দিন ও কনস্টেবল আনিছউদ্দিন সামান্য আহত হয়েছেন।