২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ক্লিনিকে অভিযান, জরিমানা

রাজধানীর কেরানীগঞ্জে বৃহস্পতিবার তিন ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 06:56 AM

Updated : 22 Aug 2022, 01:32 PM

ক্লিনিকগুলো হলো- ল্যাব ফোর জেনারেল হাসপিটাল, নিউ ক্রিসেন্ট ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার ও রাফিয়া ক্লিনিক।

বিকালে কেরানীগঞ্জের জিনজিরায় এই তিনটি ক্লিনিকে অভিযান চালানো হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এগুলোতে কোনো প্যাথেলজিস্ট ছিল না। বাইরে নামি-দামি চিকিৎসকের নাম লিখে রাখা হলেও তারা কেউ এসব ক্লিনিকে আসেন না এবং রোগীও দেখেন না।

অভিযান চালিয়ে মো. মহসিন (৩৫), মো. মারুফ (৩৬), ওয়াহিদুজ্জামান (৪০), জরিনা আক্তার (২৭) ও মো. জাকির হোসেনকে (২৯) নামে পাঁচজনকে আটক করা হয়।

মহসিন স্বীকার করে, ল্যাব ফোর জেনারেল হসপিটাল নামে ডায়াগনস্টিক সেন্টারটি কয়েক বছর ধরে শুরু করলেও স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স তারা নেননি। রোগ নিরূপণের বিভিন্ন পরীক্ষায় নিজেই স্বাক্ষর করতেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজের দোষ স্বীকার করায় মহসিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাফিয়া হাসপাতাল থেকে মারুফ, ওয়াহিদুজ্জামান ও জরিনাকে আটক করা হয়।

মারুফও নিজে বিভিন্ন চিকিৎসকের নামের জায়গায় স্বাক্ষর করতেন। ওয়াহিদুজ্জামান নিজেকে চিকিৎসক আর জরিনা সেবিকা পরিচয় দিলেও কোনো প্রমাণপত্র ছিল না তাদের।

তাদেরকে দুই লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নিউ ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করায় জাকির হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ডায়াগনষ্টিক সেন্টারটি সিলগালা করা হয় বলে র‌্যাব জানায়।