২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপত্তার চাদরেও’ গুলশানে অস্ত্রবাজি-ছিনতাই

দুই বিদেশি খুনের পর ‘নিরাপত্তার চাদরে মোড়ানো’ রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে থেমে নেই অপরাধ; সন্ত্রাসী কর্মকাণ্ডও চলছে প্রায় একই কায়দায়।    

লিটন হায়দার

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 09:46 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

গুলশান থানা থেকে কয়েক গজের মধ্যে ছিনতাইয়ের পাশাপাশি বাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে হানা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহিদা নাজনীন নামে এক ভুক্তভোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানা থেকে খুব কাছাকাছি হওয়ায় এবং আশেপাশে মন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বসবাস হওয়ায় আমরা নিজেদের খুব নিরাপদ মনে করেছিলাম। কিন্তু বাস্তবে তা নয়।”

এসব ঘটনার সপ্তাহ দুয়েক আগে গত ২৮ সেপ্টেম্বর এই গুলশানেই দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইতালির নাগরিক চেজারে তাভেল্লা। তার সপ্তাহ না গড়াতেই রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার মধ্যে কূটনীতিক পাড়া গুলশানে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা; পুলিশের ভাষায় ‘নিরাপত্তার চাদর মোড়ানো’ এলাকাটি, যেখানে বহু বিদেশির বাস।  

অভিজাত এই এলাকায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও টহলে আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও। এছাড়া নিরাপত্তা চৌকি বসিয়ে সার্বক্ষণিক গাড়ি ও মোটর সাইকেল তল্লাশিও করা হচ্ছে।

এরকম জোরদার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মোটর সাইকেলে আসা একদল সন্ত্রাসী মঙ্গলবার গুলশান থানার ঠিক উল্টো দিকে ১০৮ নম্বর সড়কের ১১ নম্বর বাড়িতে ঢুকে পড়ে বলে ওই বাড়ির বাসিন্দারা জানিয়েছেন।

তারা জানান, দুটি মোটর সাইকেলে আসা চার যুবক প্রথমেই পিস্তল ঠেকিয়ে বাড়ির দারোয়ানকে জিম্মি করে ফেলে। পরে দোতালায় একটি পার্লার এবং ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদকের বাসায় ঢোকার চেষ্টা চালায়।

Image
পার্লারে হানার সময় এই ফ্ল্যাটের দরজাও ধাক্কাধাক্কি করে অস্ত্রধারীরা

পার্লারে হানার সময় এই ফ্ল্যাটের দরজাও ধাক্কাধাক্কি করে অস্ত্রধারীরা

সাধারণ সম্পাদকের ফ্ল্যাটের সামনের ইউনিটে রয়েছে একটি সবজির দোকান, যেখানে সাধারণত বিদেশিরা কেনাকাটা করে থাকেন।

যে বাড়িতে জিম্মি করার ঘটনা ঘটেছে তার পাশের ফ্ল্যাটে থাকা সাউথ ইস্ট গার্ডেন নামে সবজি দোকানের ব্যবস্থাপক বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  তার দোকানেরও অধিকাংশ ক্রেতা বিদেশি।

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটলেও ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন,  মঙ্গলবার তিনি এ বিষয়ে কিছুই জানতে পারেননি। বুধবার বিউটি পার্লারের একজন তাকে ফোনে জানিয়েছে।

ওই বাড়ির দারোয়ান আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্ল্যাটের লোকজনের আসা যাওয়ার জন্য গেইটের একটি অংশ খোলা ছিল। হঠাৎ করেই দুটি মোটর সাইকেল ওই অংশ দিয়ে ঢুকে পড়ে।

এপরেই একজন পিস্তল মাথায় ঠেকিয়ে তাকে জিম্মি করে এবং দোতলায় যেতে বাধ্য করে। একই সঙ্গে তাকে দিয়ে বিউটি পার্লারের কলিং বেল টেপায়; তবে কেউ না খোলায় তারা ঢুকতে পারেনি।

ফ্ল্যাট মলিক সমিতির সাধারণ সম্পাদক শাহিদা নাজনীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার গৃহকর্মী দারোয়ানের গলা শুনতে পেয়ে সিকিউরিটি চেইন লাগিয়ে দরজা খুলে দেখে কয়েকজন সন্ত্রাসী দাঁড়িয়ে আছে। এরপরেই সে দ্রুত দরজা লাগিয়ে দেয়। সন্ত্রাসীরা দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বেশ কয়েকবার খোলার চেষ্টাও করেছিল।

“এরপরই সন্ত্রাসীরা নিচে নেমে আসে এবং কাউকে বললে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে উত্তর দিকে চলে যায়।”

১০৮ নম্বর সড়কের এই বাড়িটির উত্তর দিকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসা এবং কাছাকাছি একটি পুলিশ ফাঁড়িও রয়েছে।

Image
‘ডেজল’ নামে এই বিউটি পার্লারে সন্ত্রাসীরা ঢোকার চেষ্টা করেছিল

‘ডেজল’ নামে এই বিউটি পার্লারে সন্ত্রাসীরা ঢোকার চেষ্টা করেছিল

‘ডেজল’ নামে যে বিউটি পার্লারে সন্ত্রাসীরা ঢোকার চেষ্টা করেছিল তার মালিক সোমা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগেও স্থানীয় কিছু যুবক এসে তাদের কাছে চাঁদা নিয়ে গেছে।

“যুবকরা এসে ক্লাবের (স্থানীয় একটি ক্লাব) নাম বলে বেশ কয়েকবার চাঁদা নিয়ে গেছে। ঝামেলা হবে ভেবে এর আগে পুলিশকে জানাইনি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

বিস্তারিত ঘটনা জানতে পেরে ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বুধবার) ঘটনা শোনার পর পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা দেখছি।”

দারোয়ান আনোয়ার জানান, সন্ত্রাসীরা ঢোকার পরপরই তিনি ইন্টারকমের মাধ্যমে ফ্ল্যাটের সাধারণ সম্পাদককে জানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অস্ত্রের ভয় দেখিয়ে ওই যুবকরা তা করতে দেয়নি।

শাহিদা নাজনীনের গাড়িচালক মো. রোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনার কিছু আগেই উত্তরদিকে মোড়ের কাছে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মোটর সাইকেল আরোহী দুই যুবক রিকশা আরোহী এক ব্যক্তির ল্যাপটপ ছিনিয়ে নেয়। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনা ঘটিয়ে মোটর সাইকেল আরোহীরা দ্রুত চলে যায়।

১০৮ নম্বর সড়কেই সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাসা; প্রয়াত রাষ্ট্রপতির ছেলে নাজমুল আহসান একজন সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি; এর কাছেই গুলশান থানা।

অভিজাত এলাকার এই সড়কটি ছিনতাই প্রবণ বলে সাক্ষ্য মিলেছে আরও অনেকের কাছে।

এদিকে মঙ্গলবারের ঘটনার পর বুধবার সকালে ১১ নম্বর বাড়ির ফ্ল্যাট মালিকরা জরুরি সভা করে ভবনের আশেপাশে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।