এলডিসির গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরোর চেয়ার বাংলাদেশ
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরোর চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
স্বল্পোন্নত দেশ, চারদিকে স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে কাজ করে গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরো। স্বল্পোন্নত দেশগুলোর জন্য কর্মসূচি সমন্বয়ের দায়িত্বও পালন করে এই ব্যুরো।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ব্যুরোর সদ্য বিদায়ী চেয়ারম্যান বেনিনের এমডিজি ও এসডিজি বিষয়ক মন্ত্রীর কাছ থেকে এর দায়িত্বভার বুঝে নেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব সংস্থার সদরদপ্তরে এক বৈঠকে ‘সর্বসম্মতিক্রমে’ এলডিসির গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরোর চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশ।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনও উচ্চ পর্যায়ের ওই বৈঠকে ছিলেন। সম্প্রতি গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে পদক্ষেপ নিতে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে জাতিসংঘের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরোর চেয়ারম্যান নির্বাচনে ‘বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা রাখায়’ স্বল্পোন্নত অন্যান্য দেশকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
১৯৭৪ সালে সদস্যপদ পাওয়ার পর থেকে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সদস্য দেশগুলোর মধ্যে সম্প্রীতি আরও দৃঢ় করতে গুরুত্ব দেওয়া হবে।”
নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ এলডিসির জন্য প্রযুক্তি-ব্যাঙ্ক, বিনিয়োগ বৃদ্ধি, সংকট প্রশমণ এবং ঝুঁকি মোকাবেলার সক্ষমতা তৈরির তহবিল তৈরির বিষয়গুলোকে এগিয়ে নিতে কাজ করবে।
এছাড়া বিনিয়োগ উন্নয়ন সহায়তা কেন্দ্রসহ এলডিসির সংশ্লিষ্ট প্রতিশ্রুতিগুলো যাতে বাস্তবায়ন হয় সেজন্য বাংলাদেশ উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন তিনি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এলডিসি, এলএলডিসি ও এসআইডিএস বিষয়ক জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী এবং ভুটান, বুরকিনা ফাসো, ইথিওপিয়া, ইতালী, নেপাল, সলোমন দ্বীপপুঞ্জ, সুদান, তাঞ্জানিয়া, তুরস্ক, টুভালুর পররাষ্ট্রমন্ত্রী এবং জাপান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
