সিরাজগঞ্জে চলছে ফিটনেসবিহীন বাস
‘ঈদ স্পেশাল সার্ভিস’ নাম দিয়ে সিরাজগঞ্জের এক পরিবহন ব্যবসায়ীর বিরুদ্ধে মহাসড়কে ফিটনেসবিহীন বাস চালানোর অভিযোগ উঠেছে।
ঈদ পরবর্তী ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় শহরের এমএ মতিন বাস টার্মিনাল এবং বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে বাসগুলো চালানো হচ্ছিল।
বুধবার এ ধরনের একটি বাস (মুন্সীগঞ্জ-ব-১১-০০১৪) জব্দ ও ৩টি বাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ জেলা শহরের পরিবহন ব্যবসায়ী ইসমাইল হোসেন ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় ফিটনেসবিহীন ৩০টি ডাম্পিং বাস মাস তিনেক আগে নিলামে ক্রয় করেন বলে সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।
সিরাজগঞ্জ পৌর এলাকার বিড়ালাকুঠি মহল্লার পুরাতন বেলকুচি বাস টার্মিনালে সেগুলো রেখে মেরামত ও সংস্কার করে আঞ্চলিক ও মহাসড়কে একের পর এক নামানো হয় বলেও প্রতিদবেদনে উল্লেখ করা হয়।
সংবাদ প্রকাশের আগে ও পরে ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্তে দায়িত্ব দেওয়া হয়।
এ ব্যাপারে সিরাজগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান বলেন, “লক্কড়-ঝক্কড় বাসের বিষয়ে তদন্ত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ইতোমধ্যেই প্রতিবেদন জমা দিয়েছি।
“বুধবার দুপুরে অভিযান চালিয়ে ঢাকামুখী একটি বাস জব্দ করা হয়েছে।”
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. আবেদ আলী জানান, ভুয়া কাগজপত্রে মহাসড়ক দিয়ে লক্কড়-ঝক্কড় একটি বাস ঢাকায় যাওয়ার সময় জব্দ করা হয়েছে।
এছাড়া ঢাকায় যাওয়ার জন্য এমএ মতিন বাস টার্মিনালে অপেক্ষামান আরও তিনটি বাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান জানান, বিআরটিএ-এর দেওয়া তদন্ত প্রতিবেদনে ত্রুটি আছে, যে কারণে বিষয়টি পুনরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করানোর প্রক্রিয়া চলছে।
