২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দশ জন।

চট্টগ্রাম ব্যুরো

ও কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 03:50 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

সোমবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কক্সবাজারমুখী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী একটি লবণবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মাইক্রোবাসে আগুন ধরে যায়।

হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী বলে জানান ওসি। 

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে চকরিয়া থানায় রেখেছে। এদের মধ্যে একজনের নাম কমল, বয়স ৪৫। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফকির ডেইল এলাকায় তার বাড়ি। বাকিদের পরিচয় জানা যায়নি।

আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি ৭ জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।