সমবেদনা জানিয়ে ডালমিয়ার স্ত্রীকে শেখ হাসিনার চিঠি
বাংলাদেশের ক্রিকেটের ‘বন্ধু’ জগমোহন ডালমিয়ার মৃত্যুতে তার স্ত্রীকে সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চন্দ্রলেখা ডালমিয়াকে পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের ‘ক্রিকেটিং নেশন’ হয়ে গড়ে উঠার ক্ষেত্রে ডালমিয়ার অবদান স্মরণ করা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার জানানো হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান জগমোহন ডালমিয়া ৭৫ বছর বয়সে রোবারর হার্ট অ্যাটাকে মারা যান।
ডালমিয়া আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সভাপতি ছিলেন। তার সময়েই বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা পায় এবং ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল।
প্রধানমন্ত্রী চিঠিতে ডালমিয়ার মৃত্যুতে শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
‘ক্রিকেটিং নেশন’ হিসেবে বাংলাদেশের গড়ে ওঠার ক্ষেত্রে ডালমিয়ার উৎসাহ ও সমর্থনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য বাংলাদেশের মানুষ সবসময় তাকে মনে রাখবে।
প্রধানমন্ত্রী লিখেছেন, তার মৃত্যুতে বিশ্ব আধুনিক ক্রিকেটের একজন উৎসাহী, দিক-নির্দেশক ও শুভাকাঙ্ক্ষীকে হারাল।
আইসিসির তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন ডালমিয়া। দায়িত্বে ছিলেন ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত। ক্রিকেটের বিশ্বায়নের অন্যতম স্বপ্নদ্রষ্টা মনে করা হয় তাকে। ক্রিকেটকে বিশ্বজনীন খেলায় রূপ দিতে তিনি নিয়েছিলেন অনেক উদ্যোগ।
বাংলাদেশ ক্রিকেটের বড় বন্ধু মনে করা হতো ডালমিয়াকে। পারফরম্যান্স, উপযুক্ত অবকাঠামো ও আরও অনেক কিছুর ঘাটতি থাকার পরও যে বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, সেটির পেছনেও বড় অবদান ছিল ডালমিয়ার।
প্রবীণ এই ক্রিকেট সংগঠক দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
