‘আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক হতে হবে’
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভ মোকাবেলায় বলপ্রয়োগের ক্ষেত্রে আইন-শৃঙ্খলাবাহিনীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
কালিহাতী উপজেলায় ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন।
এ ঘটনার নিন্দা জানিয়ে শনিবার আসকের এক বিবৃতিতে বলা হয়, “এটি আমাদের কাছে পরিস্কার নয় যে, ফাঁকা গুলি ছোড়ার কারণে এতোজন মানুষ কিভাবে গুলিবিদ্ধ হতে পারে। এলাকাবাসীর অভিযোগ পুলিশ বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে।
“আমরা মনে করি, প্রতিবাদ-বিক্ষোভ মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে প্রতিবাদে সহিংসতার আশ্রয় নেওয়া অবশ্যই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকেও সুনির্দিষ্ট কিছু মান বজায় রাখতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া হতে হবে ভারসাম্যপূর্ণ অর্থাৎ যতটা বলপ্রয়োগ না করলেই নয়। বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও আন্তর্জাতিক মান বজায় রাখা অবশ্য কর্তব্য।”
টাঙ্গাইলে বিক্ষোভে গুলিতে প্রাণহানির এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বামধারার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।
ধর্ষণের যে অভিযোগ থেকে বিক্ষোভ ও সংঘর্ষ সেই ঘটনায় জড়িতদের পাশাপাশি বিক্ষোভে গুলিকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকি আক্তার ও সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ এক বিবৃতিতে বলেন, “এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই রাষ্ট্রে আইনের শাসন সম্পূর্ণরূপে অনুপস্থিত।
“ন্যায়বিচার চাইলে জনতার ওপর গুলিবর্ষণ করা পুলিশের বর্তমান পেশাদারিত্বের স্বরূপ উন্মোচন করে।”
নারী মুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক ইভা মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “জনগণের বিক্ষোভে পুলিশের হামলা ন্যক্কারজনক। আমরা অবিলম্বে সামাজিক ও গণআন্দোলন বিরোধী দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসার দাবি করছি।”
