২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

জয়পুরহাট সদরের পশ্চিম রামকৃপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে, আহত হন চার জন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

শুক্রবার দুপুরে এ হামলা হয় বলে জানান জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার।

নিহত হয়েছেন সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল বারীকের ছেলে সায়েম আলী (৪০)।

আহতরা হলেন একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ফারুখ হোসেন (২৯), কৃষ্ণ মান্ডির দুই ছেলে নির্মল মান্ডি (৩৫) ও পরিমল মান্ডি (৩২) এবং আনোয়ার হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (২১)। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আহত পাঁচ জনের মধ্যে একজন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি।”

তবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি তিনি।

লেফটেন্যান্ট কর্নেল রাজ্জাক জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া ভুটিয়াপাড়া বিওপি ক্যাম্পে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সায়েম মারা গেছেন।

গ্রামবাসীরা সাংবাদিকদের জানান, ভারত সীমান্ত ঘেঁষা একটি খালে সকালে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের লোকজন মাছ ধরতে যায়। ওই সময় বিএসএফ তাড়া করলে তারা ফিরে আসেন।

পিঠে গুলিবিদ্ধ নির্মল মান্ডি জানান, বেলা ১২টার দিকে হঠাৎ বিএসএফের ২৫/৩০ জন সদস্য বাংলাদেশের প্রায় চারশ গজ অভ্যন্তরে ঢুকে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।