ঝালকাঠিতে ট্রাকচাপায় শিশু নিহত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মায়ের সামনে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে খুলনা-বরিশাল মহাসড়কের কাঠিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজাপুর থানার এসআই আব্দুল কাইউম।
নিহত সারা মনি (৪) ওই গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে।
এসআই কাইউম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজাপুর শহর থেকে টমটমে করে ঘটনাস্থলে পৌঁছানোর পর মা সোনিয়া গাড়ি থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন, তার মেয়ে সারা তখন হেঁটে রাস্তার মাঝখানে চলে যায়।
“ওই সময় পিরোজপুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালককে ধরা যায়নি বলে জানান এসআই কাইউম।
