২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চাঁদাবাজকে পুলিশে দিল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে কাঁটাবনের এক দোকান থেকে চাঁদাবাজির সময় ঢাকা কলেজের এক ছাত্রকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 12:25 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার দুপুরে কাঁটাবনের ‘লুবনান’ নামের একটি দোকান থেকে সৌরভ সাহা শুভ্রকে ধরিয়ে দেওয়া হয়।

এসময় তার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায় বলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভ্র কাঁটাবন মোড়ে লুবনান নামের দোকানে গিয়ে নিজেকে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দেয়। দোকানের ম্যানেজারের কাছে ঈদ উপলক্ষে কিছু চায়।

“পরে দোকানের ম্যানেজার আমাকে ফোন করলে কয়েকজন নেতাকর্মী পাঠিয়ে দিই। সেখানে থেকে ওই ছেলেকে ধরে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। কিন্তু তার কাছে বিশ্ববিদ্যালয়ের দুটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। পরে ওই শিক্ষার্থী ঢাকা কলেজে পড়ে বলেও স্বীকার করেছে।”

তাকে নিউমার্কেট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করায় তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।