২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে বিধবা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক বিধবা তরুণীকে (২৫) দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বক্কর সিদ্দিক জানান, বুধবার রাতে উপজেলার উত্তর শুভাড্যা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার মামলার পর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আবু বক্কর।

স্বামী মারা যাওয়ার পর এক সন্তান নিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জের সেগুন বাড়ি এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন যাবত ভাড়া থাকেন ওই তরুণী। দুই বছর আগে ফারুক নামে স্থানীয় এক যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে জানান পুলিশ কর্মকর্তা আবু বক্কর।

ওই নারীর বরাত দিয়ে তিনি বলেন, বুধবার রাতে ফারুকের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পথে তার বন্ধু সালামের সঙ্গে দেখায় হয় ওই তরুণীর। তাকে ফারুকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে উত্তর শুভ্যাড্যার একটি বাড়িতে নিয়ে চার বন্ধু ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে সকালে ছেড়ে দেয়।

পরে মেয়েটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় থানায় এসে জবানবন্দি দেন এবং ওই চার জনের বিরুদ্ধে মামলা করেন বলে তিনি জানান।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।