২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কের ১৭শ কিলোমিটার চার লেন হবে: সেতুমন্ত্রী

দেশের এক হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 03:34 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় নতুন নির্মিত বাইলেন সড়ক উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “দেশের  ১৭৫২ কিলোমিটার মহাসড়ক প্রস্তুত হয়ে আছে, সেগুলো পর্যায়ক্রমে ফোর লেনে উন্নীত করা হবে, এতে যানজট থেকে রেহাই মিলবে।”

এ মাসের শেষ দিকে এলেঙ্গা-গাজীপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং আগামী ডিসেম্বর থেকে জয়দেবপুর-ঢাকা র‌্যাপিড ট্রানজিট রোড, মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোরবানির ঈদে মহাসড়কের পাশে গরুর হাট বসতে না দেওয়ার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চন্দ্রা মোড়ে পাঁচশ মিটার দৈর্ঘ্যের একটি বাইলেন নির্মাণ করা হয়েছে।

এই বাইলেনের ফলে এবারের ঈদে উত্তরবঙ্গের মানুষ কিছুটা স্বচ্ছন্দে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন মন্ত্রী।

উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাহেনুল ইসলামসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।