২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই হাওয়া লঞ্চের আগাম টিকিট

বাস ও ট্রেনের আগাম টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেলেও লঞ্চ টার্মিনালে নেই এমন দৃশ্য। সেই সঙ্গে নেই কেবিনের অগ্রিম টিকিটও।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 12:49 AM

Updated : 25 Apr 2022, 01:52 PM

যাত্রীরা বলছেন, সব লঞ্চের কাউন্টার থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে ‘টিকেট নেই’।

বরিশালে যাওয়ার টিকিট কাটতে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হুমায়ুন। টিকিট পেয়েছেন কিনা জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২৩ তারিখের কেবিনের টিকিট খুঁজছি। সব লঞ্চ বলছে কেবিনের টিকেট বিক্রি শেষ। পরে সুন্দরবন লঞ্চের একটি টিকিট পেয়েছি।”

লঞ্চের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেবিনের টিকিটগুলো ফোনের মাধ্যমের বড় বড় কর্মকর্তারা অগেই বুকিং দিয়ে দেন। ফলে নিজের কেউ টিকেট চাইলেও দিনে পারি না।”

বদরুল নামে কেবিনের আগাম টিকিট প্রত্যাশী এক যাত্রী জানান, ২৩ সেপ্টেম্বরের চাঁদপুরের দুটি টিকিট কাটতে তিনি এসেছিলেন। অনেক চেষ্টা-তদবির করে একটি টিকিটের ব্যবস্থা করেছেন।

কেবিনের পাশাপাশি মঙ্গলবার থেকে ছাড়া হয়েছে ডেকের টিকিটও। তবে এই টিকিটের প্রতি তেমন কোনো আগ্রহ যাত্রীদের নেই বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

এমভি টিপু গ্রুপের মহা-ব্যবস্থাপক ফারুক খান বলেন, “মঙ্গলবার বিকাল ৫টার দিকে এমভি টিপু-৫ লঞ্চ প্রায় শতাধিক যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে সদরঘাট পন্টুন ছেড়ে যায়। কিন্তু বিশজন ডেকের যাত্রী অগ্রিম টিকিট কেটে উঠেন। বাকিরা যাত্রীদের টিকিট কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে বলেন লঞ্চে উঠে টিকিট কাটবো।”

হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি ফারহান লঞ্চের এক কর্মকর্তাও একই কথা বললেন।

গত ১ সেপ্টেম্বর ডেকের যাত্রীদেরও কাউন্টার থেকে আগাম টিকিট কেটে লঞ্চে ওঠানোর সিদ্ধান্ত হয়।

মঙ্গলবারের চিত্র তুলে ধরে বিআইডব্লিউটিএ এর পরিচালক (ট্রাফিক) শফিকুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি প্রদ্ধতি চালু করা হয়েছে; যাত্রীরা আস্তে আস্তে ডেকের টিকিট কেটেও উঠবে।”

ডেকের যাত্রীরা আগাম টিকিট কেটে লঞ্চে উঠলে একটি লঞ্চে কতজন যাত্রী উঠেছে সে বিষয় সম্পর্কে আগাম জানা যাবে বলেও মনে করেন তিনি।