২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামিকে ‘নির্যাতন’, তদন্ত কর্মকর্তাকে তলব

গ্রেপ্তারের পর আসামিকে নির্যাতনের অভিযোগ ওঠায় মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার শরীয়তপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মুজাহিদুল ইসলাম এই আদেশ দেন।

মঞ্জুর হোসেন মন্টু তালুকদারের আইনজীবী মাসুদুর রহমান জানান, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শরীয়তপুর শহরের চৌরঙ্গী মোড়ের একটি ক্লিনিক থেকে মঞ্জুরকে গ্রেপ্তার করে পালং থানা পুলিশ।

“ওই সময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযেগ করে পালং থানায় মামলা করেন এসআই মো. আমিরুল ইসলাম।”

তিনি জানান, বৃহস্পতিবার মন্টুকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. এমারত হোসেন।

আইনজীবী মাসুদুর বলেন, আসামিকে আটকের পর অমানুষিক নির্যাতন করা হয় বলে তিনি আদালতকে জানান।

“আসামির শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় এ মামলার তদন্ত কমকর্তা পালং মডেল থানার এসআই মো. এমারত হোসেনকে সাত দিনের মধ্যে আদালতে উপস্থিত হয়ে নির্যাতনের কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়।”

এছাড়া রিমান্ড আবেদন নাকচ করে আসামি মঞ্জুর হোসেনের চিকিৎসার ব্যবস্থা নিতে জেল সুপারকে আদেশ দেয় আদালত।   

মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমারত হোসেন বলেন, আসামিকে থানায় নির্যাতন করা হয়নি। গ্রেপ্তারের সময় আঘাত পেতে পারেন।