ঢাবির দুই ছাত্রের বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েছেন দুই বোন, যাদের একজন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের দুই ছাত্রের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন বাংলা বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী ও ইডেন কলেজপড়ুয়া তার বোন।
দুই বন্ধু তাদের সঙ্গে সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগপত্রে লিখেছেন তারা।
গত ১ সেপ্টেম্বর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রের বিরুদ্ধে প্রেমের প্রতারণাসহ ‘অশালীন’ সম্পর্কের অভিযোগ এনেছে। তাদের ডেকে জিজ্ঞাসা করা হবে। অভিযোগের ভিত্তিতে একাডেমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ওই ছাত্রী অভিযোগপত্রে বলেন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ওই ছাত্রের সঙ্গে তার চার বছরের সম্পর্ক। এ সময়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। পরে অন্য একটি মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে পারেন তিনি।
“এখন সে সম্পর্কের কথা অস্বীকার করে নানা ধরনের গালিগালাজ ও ভীতি প্রদর্শন করছে।”
ওই ছেলের এক বন্ধুর সঙ্গে তার বড় বোনেরও সম্পর্ক গড়ে ওঠে এবং তিনিও একই ধরনের আচরণের শিকার হয়েছেন বলে ওই ছাত্রী অভিযোগ করেছেন। তার বড় বোন ইডেন কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর কথিত প্রেমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অভিযোগ মিথ্যা। সে আমার অন্য সম্পর্কের কথা জানত। ওই-ই আমাকে সবকিছুতে বাধ্য করেছে। এখন তার সঙ্গে সম্পর্ক রাখতে নানা ধরনের হুমিক দিচ্ছে।”
