রাজশাহীতে অপহৃত স্কুলশিক্ষক নাটোরে উদ্ধার
রাজশাহী থেকে অপহরণের ১১ দিন পর এক স্কুল শিক্ষককে নাটোরের সিংড়া থেকে হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
উদ্ধার এমদাদুল হক (৫৫) বাঘা উপজেলার ছাতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার রাতে উদ্ধার অভিযানের সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব।
আটককৃতরা হলেন, মোশারফ হোসেন (৪১), বুলু আকন্দ (৫৬), শাহ আলম (২৫) ও আব্দুর রাজ্জাক (৪০)।
র্যাব জানায়, মোশারফের কাছে এমদাদুল ৫০ হাজার টাকা পেতেন। টাকা ফেরত দেওয়ার কথা বলে গত ২৯ অগাস্ট এমদাদুলকে নাটোরের সিংড়া উপজেলার জামতলায় আসতে বলেন মোশারফ।
“এমদাদুল সেখানে পৌঁছানোর পর মোশারফ তাকে শাহাদাত নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। সেখানে শাহাদাত, মোশারফ ও তাদের তিন সহযোগী মিলে এমদাদুলকে আটকে রেখে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা এমদাদুলকে আটঘোলা এলাকার বুলুর বাড়িতে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব।
গত ২ সেপ্টেম্বর এমদাদুলের পরিবারের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রথমে মোশাররফকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদুলকে উদ্ধার ও বাকিদের আটক করা হয়।
