২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ১০ কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 12:52 AM

Updated : 22 Aug 2022, 01:11 PM

সোমবার বিমান বন্দরের এয়ারফ্রেইট ইউনিট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের এসব সরঞ্জাম জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১০ অগাস্ট হংকং থেকে ১১৮টি কার্টন এয়ারফ্রেইট ইউনিটে আসে। সেখানে প্রাপকের কোন সুনির্দিষ্ট ঠিকানা দেওয়া ছিল না। এটি আমরা ১৬ অগাস্ট ডিটেক্ট করি।”

২১ দিন এই পণ্যের মালিকের জন্য অপেক্ষা করার পর শনিবার কার্টনগুলো খোলা হয়।

কার্টনগুলোতে আমদানি নিষিদ্ধ ৩২ ধরনের বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম পাওয়া যায় বলে জানান মঈনুল।

ঘটনা তদন্তে শুল্ক বিভাগের পক্ষ থেকে সহকারী পরিচালক শফিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঈনুল বলেন, কার্টনের গায়ে ‘এমএস সাদিয়া ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের নাম এবং ২৮/বি টয়নবি রোডের ঠিকানা থাকলেও গোয়েন্দা সংস্থার লোকজন এই নামের কোন প্রতিষ্ঠান পায়নি।