২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে যানজট এড়াতে মহাসড়কে বসছে ওয়াচ টাওয়ার

আসন্ন ঈদুল আজহায় মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে যানজট এড়াতে মহাসড়কে ওয়াচ টাওয়ার বসানো হবে বলে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 01:07 PM

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা নিয়ে সভায় আসন্ন ঈদযাত্রা ও কোরবানির চামড়া পাচার রোধ নিয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ঈদের সময় মহাসড়কে যানজট নিরসনে বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঢাকা, টাঙ্গাইল ও চন্দ্রাসহ মহাসড়কের ১৪টি স্থানে ওয়াচ টাওয়ার বসানো হবে, যাতে কোনো এলাকায় যানজট দেখা দিলে দ্রুত নিরসন করা যায়।”

এছাড়া ঈদে লঞ্চ ও বাসে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা হয় সেদিকেও দৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পশুরহাটে জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন রাখা হবে। এছাড়া পশুরহাটে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে কমিউনিটি পুলিশও থাকবে।

“অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”

কোরবানির পশুর চামড়া যাতে পাচার না হতে পারে সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানসহ পুলিশ, আনসার, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।