কুষ্টিয়ায় নসিমন উল্টে কলেজ অধ্যক্ষ নিহত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নসিমন উল্টে এক কলেজের অধ্যক্ষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।
বুধবার গভীর রাতে এ দুর্ঘটনায় নিহত মাহবুবুল আলম (৫০) রাজবাড়ীর পাংশার কলিমহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
খোকসা থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, পাংশার কলিমহর থেকে নসিমনযোগে নিজ গ্রামে ফিরছিলেন তিনি।
“রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে খোকসার মালিগ্রাম এলাকায় নসিমনটি উল্টে যায়।”
তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে মাহবুবুল আলমকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
“রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।”
নিহত মাহবুবুল আলমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে বলে জানান ওসি।
