পুলিশ পরিচয়ে ছিনতাই: ৩ জনকে পিটিয়ে থানায় সোপর্দ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মো. আমিরুল ইসলাম জানান, বুধবার রাতে কলাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এই চক্রের আরও কয়েকজন ছয় লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে বলে হারুন দেওয়ান নামে স্থানীয় এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন।
আটকরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার পুশকুনীরপাড় গ্রামের মো. মুসা (৩২), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আবদুল্লাহপুর গ্রামের খোরশেদ আলম (৩৮), সিরাজনগর জেলার শাহাদাতপুর থানার পুতাজিয়া গ্রামের মো. আনিছ ওরফে বিদ্যুৎ (৩১)।
ছিনতাইয়ের ঘটনায় হারুন দেওয়ান নামের ওই ব্যবসায়ী বুধবার রাত ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।
এজাহারের বরাত দিয়ে এএসআই আমিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যার পর হারুন ঢাকার কলতা বাজার থেকে ছয় লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে খারাকান্দিতে তার বাড়ি ফিরছিলেন। পথে নয়াপাড়া মসজিদের কাছে ছয় জনের দুটি দল একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস নিয়ে হারুনের পথ আটকায়।
তারা নিজেদের ডিবি পরিচয় দেয় এবং হারুনকে অটোরিকশা থেকে নামিয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে জয়ুনপুর নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জয়ুনপুর গিয়ে হারুনের সঙ্গে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে করে তিনজন চলে যায়। পরে হারুনকে মাইক্রোবাসে করে খারাকান্দি রাস্তার পাশে ফেলে পালানোর চেষ্টা করেন মুসা, আনিছ ও গাড়ির চালক খোরশেদ।
এরপর হারুনের চিৎকারে এলাকাবাসী গাড়িটি ধাওয়া করে এবং কলাতিয়া এলাকার ভাঙ্গা রাস্তায় গাড়িটি যানজটে আটকা পড়লে তাদের তিনজনকে ধরে পিটিয়ে দেয় স্থানীয়রা।
এএসআই আমিরুল বলেন, “খোয়া যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
