২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরি মেরে মিস্ত্রী খুন

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে ছুরি মেরে খুন করা হয়েছে এক যুবককে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 03:14 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

নিহত শাহ আলম (৩৫) রট আয়রনের মিস্ত্রির কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহ আলমকে তার স্ত্রী পারভীন আক্তার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত-আট মাস ধরে বাহার ও রয়েল নামে দুই যুবক তাদের বাসায় সাবলেট থাকছিলেন।

“রাতে খাবারের টাকা নিয়ে বাহারের সঙ্গে আমার স্বামীর কথা কাটাকাটি হয়। সকালে বাহার এসে তার বুকে ছুরি মেরে পালিয়ে যায়।”

বাহার অনাবিল পরিবহনের বাসে ‘হেলপার’ হিসেবে কাজ করেন বলে জানান পারভীন।

যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

চোর ধরতে গিয়ে চালকের মৃত্যু

চোরের পেছনে ধাওয়া করতে গিয়ে ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন মো. সেলিম (৩০) নামের এক প্রাইভেটকার চালক।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান জিপিওর সামনে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, প্রাইভেটকারটি রাস্তার পাশে রেখে সেলিম দূরে দাঁড়িয়ে ছিলেন।  এ সময় এক ব্যক্তি তার গাড়ির লুকিং গ্লাস খোলার চেষ্টা করে।

“এটা দেখে সেলিম ওই ব্যক্তিকে ধাওয়া করেন। কিছুদূর গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন সেলিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সেলিমের গাড়ির মালিকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।