২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ‘বিচ্ছিন্নতাবাদীদের’ সঙ্গে গোলাগুলি, বিজিবি আহত

বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে মিয়ানমারের একটি ‘বিচ্ছিন্নতাবাদী’ দলের গোলাগুলির পর হেলিকপ্টারে করে সেখানে বাড়তি বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 01:39 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানচির বড় মোদক এলাকায় এ ঘটনায় জাকির নামে বিজিবির এক নায়েক আহত হয়েছেন।  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত বিজিবি সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনার জন্য হেলিকপ্টারে করে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।”

বিজিবি বলছে, মিয়ানমারের ওই বিচ্ছিন্নতাবাদী দলটি সকালে বিজিবির টহল দলের ওপর আক্রমণ করলে সীমান্তরক্ষী বাহিনীও জবাব দেয়। এ সময় বিজিবির নায়েক জাকির আহত হন।

থানচির রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় মোদক বিজিবি ক্যাম্পের কাছেই সীমান্তে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ওই দলটির নাম ‘আরাকান আর্মি’ বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, বিজিবি সদস্যরা মঙ্গলবার আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১৩টি ঘোড়া আটক করে। এর জের ধরেই বুধবার সকালের এই গোলাগুলি।

বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে কোনো তথ্য দেননি।