নারায়ণগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগীসহ নিহত ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগী ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।
কাঁচপুর হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তাড়ুয়া গ্রামের সাঈদ মোল্লা (৭০), তার ছেলে চাল ব্যবসায়ী নয়ন মোল্লা (৩৭) এবং অ্যাম্বুলেন্স চালকের সহকারী ঢাকার যাত্রাবাড়ী এলাকার রাজা হোসেন (১৮)।
আহতদের মধ্যে একজন হলেন নয়নের বড়ভাই আলী আহমদ এবং অন্যজন অ্যাম্বুলেন্সের চালক। তার নাম জানা যায়নি।
ভুলতা থানার এএসআই জুলফিকার আলী জানান, নরসিংদীগামী বালুবাহী ট্রাকটির সঙ্গে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সের আরোহী রাজা ও নয়ন ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা অ্যাম্বুলেন্সে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ভুলতার আল-রাফি হাসপাতালে নিয়ে গেলে সেখানে সাঈদ মোল্লাও মারা যান বলে পুলিশ জানিয়েছে।
নিহত নয়নের ভগ্নীপতি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার শ্বশুর সাঈদ মোল্লা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। যাওয়ার পথে তাদের অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে।”
