ক্রেতাদের প্রতি তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান
শ্রমিকদের জীবন-মানের উন্নয়নে তৈরি পোশাকের দাম বাড়াতে বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দেখা করতে এলে একথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গত ছয় বছরে শ্রমিকদের বেতন বাড়িয়ে তিন গুণ করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন বিট্রিশ প্রতিমন্ত্রী সোয়েইন।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সফলতা এবং নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, “এমডিজি অর্জনে বাংলাদেশ চমকপ্রদ অবস্থানে রয়েছে।”
শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
প্রথমবারের মতো তিন দিনের সফরে রোববার বাংলাদেশ এসে নিজেদের সহায়তায় পরিচালিত প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি দেখতে কুড়িগ্রামে যান ডেসমন্ড সোয়েইন। সেখানে মেয়েদের মার্শাল আর্ট চর্চা দেখে অভিভূত হয়েছেন বলে প্রধানমন্ত্রীকে বলেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ব্রিটিশ প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন।
বাংলাদেশে বিভিন্ন খাতে চীন ৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে বৈঠকে জানান তিনি।
বৈঠক শেষে ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, চীনের বিনিয়োগের বিষয়ে তাদের সঙ্গে সমন্বয় রক্ষার জন্য বাংলাদেশকে একটি কমিটি করারও প্রস্তাব দিয়েছেন চীনের মন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পাটের প্রশংসা করে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম অর্ধে চীনে পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ।
এসময় ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে বাংলাদেশ-চায়না মৈত্রী এক্সিবিশন সেন্টার গড়ে তোলার বিষয়ে চীনের সঙ্গে বিনিময়পত্র সাক্ষরের কথাও উল্লেখ করেন তিনি।
গত ছয় বছর দেশে গড়ে ৬ শতাংশের ওপর জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত থাকায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চীনা মন্ত্রী বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে।
এসময় বঙ্গবন্ধুর চীন সফরের কথাও উল্লেখ করেন তাও।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী তাও হুচাং।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়।
চীন থেকে সামরিক সরজ্ঞাম কেনাসহ তাদের সঙ্গে নানা ধরনের দ্বিপক্ষীয় সহযোগিতার কথা উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
পারস্পারিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিসিআইএম(বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার) সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর বাংলাদেশের গুরুত্ব রয়েছে।
পোশাক খাতে চীনের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। দুই দেশের যৌথ উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ বছরেই বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
দুই সাক্ষাতেই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
