গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন
গাজীপুরে টঙ্গীতে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলামকে (৩৫) একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসকিউটর (পিপি) মো. হারিছ উদ্দিন আহম্মদ জানান, গত ২০০৩ সালের ১২ মে টঙ্গীর আউচপাড়া এলাকার কফুর বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের স্ত্রী সাহিদা আক্তারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রফিকুল বাসায় ছিলেন না।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করে। পরে মরদেহ ময়নাতদন্তের পর জানা যায় আঘাত জনিত কারণে সাহিদার মৃত্যু হয়েছে।
পরে পুলিশ হত্যা মামলা দায়ের করে এবং একই বছর ১৩ মে ওই মামলায় রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ একই বছরের ৩০ অক্টোবর রফিকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
