রাজন হত্যা: পলাতক কামরুল ও শামীমের মালামাল জব্দ
সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের প্রধান আসামি কামরুল ও তার ভাই শামীমের মালামাল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ২টার দিকে তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া গ্রামে গিয়ে মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আকতার হোসেন।
এর আগে সোমবার সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম রাজন হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক কামরুল, শামীম ও পাভেলের মালামাল জব্দের আদেশ দেন।
সিলেটের জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, আদালতের আদেশ পাওয়ার পর মঙ্গলবার কামরুল ও শামীমের মালামাল জব্দ করা হয়েছে।
তবে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত পাভেলের সুনামগঞ্জের বাড়িতে মালামাল জব্দের কোনো খবর পাওয়া যায়নি।
সুনামগঞ্জের দিরাই থানার ওসি আনিসুর রহমান জানান, তারা এখনও আদালতের আদেশ পাননি। পেলে পাভেলের বাড়ির মালামাল জব্দ করা হবে।
গত ১৬ অগাস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সৌদি আরবে আটক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং পাভেলকে পলাতক দেখানো হয়েছে।
আদালত সোমবার অবিযোগপত্র আমলে নিয়ে কামরুল, পাভেল ও শামীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের মালামাল জব্দের নির্দেশ দেয়।
গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে নির্যাতনকারীরা তার ভিডিও চিত্র ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
