২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় জামায়াতের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

নাশকতার মামলায় দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল ইসলামসহ ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল আলম দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

আদালত অভিযোগপত্র গ্রহণ করে আগামী ৩১ অক্টোবর শুনানির দিন রেখেছেন বলে জানান কোতোয়ালী থানার এসআই নাজমুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন সময় আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০১৩ সালের ২ মার্চ দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং যানবাহন ভাংচুর করে স্থানীয় জামায়াত-শিবিরকর্মীরা।

এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই বিএম নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।

অভিযোগপত্রের আসামিদের মধ্যে ৬৩ জন গ্রেপ্তার হয়েছেন, বাকী ১৬৭ জন পলাতক রয়েছেন।