২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটক ও দরজা ভেঙে ডাকাতি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে কলাপসিবল গেইট ও দরজা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় গৃহকর্তার স্ত্রী আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার ভোরে দাদপুর ইউনিয়নের কমলেশ্বর্দী গ্রামের দুবাই প্রবাসী আব্দুল আহাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতদের পিটুনিতে আহত আহাদের স্ত্রী নাছিমা খানমকে (৩০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহাদের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ২০/২৫ জন মুখোশধারী দেশি অস্ত্র নিয়ে প্রথমে বারান্দার কলাপসিবল গেইট ও পরে ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে।

“এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। একই সময় তারা রড দিয়ে পিটিয়ে নাছিমাকে আহত করে।”

ডাকাতরা ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানান তিনি।

বোয়ালমারী থানার ওসি একেএম আমিনুল হক বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।