কসবায় গুলিবিদ্ধ ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রায় এক ডজন মামলার আসামি এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকশাইর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই সময় ডাকাতদের ছোড়া গুলিতে ইব্রাহিম খান (৩০) নামের ওই ডাকাত ও দুই পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দন জানান, রাত পৌনে ১ টার দিকে পুলিশের টহল গাড়ি থানা থেকে মনকশাই এলাকার দিকে গেলে ইব্রাহিমসহ তার প্রায় ১৫/২০ জনের একটি ডাকাতদল পুলিশের গাড়িটি থামানোর চেষ্টা করে।
“ওই সময় ডাকাতদল পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে তাদেরই ছোড়া গুলি ইব্রাহিমের পায়ে লাগে।
“গুলিবিদ্ধ হওয়ার পর ডাকাত ইব্রাহিমকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।”
তাকে পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তার বিরুদ্ধে কসবা থানায় চারটি ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, আহত পুলিশ সদস্য এসআই ফিরোজ (৩০) ও ফারুককে (৩২) প্রাথমিক চিকিসা দেওয়া হয়েছে।
