২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসে ধর্ষণের অভিযোগপত্র আদালতে

রাজধানীর কুড়িল-বিশ্বরোডে মাইক্রোবাসে গারো তরুণীকে ধর্ষণের মামলায় দুজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

ঘটনার তিন মাসের মধ্যে রোববার রোববার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার আজমিলা নাসরিন চৌধুরী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন।

এতে আশরাফ খান তুষার ও মাইক্রোবাসের চালক জাহিদুল ইসলাম লাভলুকে আসামি করা হয়েছে। দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

অভিযোগপত্রে বলা হয়, চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে ওই গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করেন তুষার ও লাভলু। ধর্ষণের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান জানান, মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক অভিযোগপত্রে স্বাক্ষরের পর তা পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করে আমলে নিয়ে বিচারের জন্য মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠাবেন।

গত ২১ মে রাতে কাজ শেষে ওই তরুণী যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যাওয়ার সময় দুই যুবক অস্ত্রের মুখে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেন।

গাড়িতে তোলার পর মুখ ও হাত-পা বেঁধে তরুণীকে ধর্ষণ করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদদীন সড়কে তাকে নামিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।

পরদিন ওই তরুণী ভাটারা থানায় মামলা করেন। ইতোমধ্যে ঘটনাটি জেনে সমালোচনার ঝড় বয়ে যায়, বিক্ষোভ-প্রতিবাদে নামে বিভিন্ন নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগঠন।

এরপর গত ২৬ মে রাতে তুষারকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে এবং লাভলুকে রাজধানীর গুলশান-১ নম্বর থেকে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব। এরপর আদালতের অনুমতি নিয়ে ২৮ মে থেকে ১০ দিন এই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

একই দিন মামলার তিন সাক্ষী মাহবুব, নুরুল আলম ও খোকন সর্দার ঢাকার মহানগর হাকিমের কাছে তুষার ও লাভলুর বিরুদ্ধে জবানবন্দি দেন।

পুরনো খবর:

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান নির্যাতিত তরুণী
ঢাকার রাস্তায় গারো তরুণীকে গাড়িতে তুলে দলবেঁধে ধর্ষণ
মাইক্রোবাসে ‘ধর্ষক’ দুজন ছিল: র‌্যাব
দুই ‘ধর্ষক’ ১০ দিনের রিমান্ডে