বরগুনায় দুটি হরিণ ও মাংস উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলায় দুটি জীবিত হরিণ ও ১৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার ভোরে বিষখালী নদী সংলগ্ন বাদুরতলা এলাকায় এ অভিযানে একটি ট্রলার আটকও করা হয়।
তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে কোস্ট গার্ড জানিয়েছে।
পাথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস এ রউফ জানান, তারা খবর পেয়েছিলেন বিষখালী নদী হয়ে একটি ট্রলারে করে হরিণ ও হরিণের মাংস নিয়ে পাচারকারীরা বাদুরতলা অবস্থান করছে।
“ভোররাত সাড়ে ৩টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করলে কিছুদূর গিয়ে পাচারকারীরা কিনারে উঠে পালিয়ে যায়।
মাংস ও হরিণ দুটি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, তারা দুটি হরিণ ও ১৪০ কেজি মাংস কোস্ট গার্ডের কাছ থেকে বুঝে পেয়েছেন।
“হরিণ দুটি বর্তমানে অসুস্থ। চিকিৎসা দিয়ে সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে।”
এ ঘটনায় বন ও বণ্যপ্রাণী আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ বন কর্মকর্তা।
