২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মাপাড়ে জোয়ারের অপেক্ষায় সাতশ গাড়ি

পদ্মার চ্যানেলে পলি জমে গভীরতা কমে যাওয়ায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের মধ্যে ফেরি পারাপার কার্যত বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 09:22 AM

Updated : 12 Oct 2022, 04:10 PM

শনিবার সারা দিনে শিমুলিয়া থেকে ছেড়ে গেছে মাত্র সাতটি ফেরি। এর মধ্যে দুটি কাওড়াকান্দি পৌঁছাতে পারলেও বাকি পাঁচটি ফেরি মাঝপথ থেকে ঘাটে ফিরে এসেছে।

রাজধানী থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিমুলিয়া ও কাওড়াকান্দি ফেরিঘটে রোববার সকালেও সাত শতাধিক যানবাহন আটকে থাকতে দেখা গেছে বলে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুছ আলী জানান।

ঘাট কর্মকর্তারা বলছেন, দুপুরের আগে জোয়ার এলে চ্যানেলের গভীরতা কিছুটা বাড়বে। তখন আবার ফেরি ছাড়ার চেষ্টা করবেন তারা।  

বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাভাবিক ফেরি চলার জন্য চ্যানেলে গভীরতা প্রয়োজন অন্তত সাড়ে ৭ ফুট। কিন্তু শনিবার সকালে জোয়ারের সময়ও লৌহজং টার্নিং পয়েন্টের প্রায় একশ ফুট এলাকায় গভীরতা ছিল ছয় ফুট।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, নাব্য সঙ্কটের কারণে দুই সপ্তাহের বেশি সময় ধরে পারাপার বিঘ্নিত হচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্টের মুখে ড্রেজিং করা হলেও বর্ষা মৌসুমের তীব্র স্রোতে অল্প সময়ের মধ্যেই নতুন করে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে।

“এই নৌ রুটের চারটি রো রো ফেরি দুই সপ্তাহ ধরে বন্ধ। এতোদিন বাকি ১৪টি মাঝারি ও ছোট ফেরি দিয়ে পারাপার চালু রাখা হলেও গত বৃহস্পতিবার থেকে তাও কঠিন হয়ে পড়েছে।”

তিনি জানান, শনিবার গভীর রাতে কুসুমকলি নামের একটি ফেরি কাওড়াকান্দি পৌঁছে আবার রবিবার সকালের জোয়ারে শিমুলিয়ায় এসেছে। এছাড়া সব ফেরি বন্ধ রয়েছে।

এতে দুই তীরে অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন । সময় বেশি লাগায় পণ্য পরিবহনেও খরচ বেড়ে যাচ্ছে। 

ঘাট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চ্যানেলের গভীরতা এখন যে পর্যায়ে রায়েছে, তাতে ছোট ও ডাম্প ফেরিগুলো হয়তো চালানো সম্ভব। কিন্তু পুরনো হয়ে যাওয়ায় সেগুলোর ইঞ্জিন দুর্বল হয়ে যাওয়ায় পদ্মার প্রচণ্ড স্রোতের বিপরীতে সেগুলো এগোতে পারছে না।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান উদ্দিন খান জানান, নাব্য সঙ্কট দূর করতে গত ২১ জুলাই থেকে লৌহজং টার্নিংয়ে বিআইডব্লিউটিএ তিনটি ড্রেজার কাজ করছে। ইতোমধ্যে ৩৬০ ফুট ড্রেজিং করা হয়েছে। এখন উল্টো দিকে আরও ৩৬০ ফুট খননের কাজ চলছে।

“কিন্তু প্রচণ্ড স্রোতে উজান থেকে আসা পালিতে দ্রুত ভরাট হয়ে যাচ্ছে চ্যানেলের মুখে। মাটি সরানোর গতি বাড়াতে আরও একটি ড্রেজার ভাড়া আনা হয়েছে। কিন্তু স্রোতের কারণে ড্রেজারটি জায়গামত বসানো যাচ্ছে না।”