২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কনস্ট্রাকশন ট্রায়াল পাইলের কাজ শুরু

পদ্মা সেতুর কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 10:01 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

শুক্রবার সকালে এ কাজ শুরু হয় বলে জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের। 

“এই কাজে জার্মানির তৈরি একটি হ্যামার ইনস্টল করা হয়েছে, যার ওজন তিন জাহার টন, দৈর্ঘ্য ১২০ মিটার এবং ব্যাস তিন মিটার।”

মাওয়া সাইডে নদীর ৭ নম্বর পিলারে বসানো এই হ্যামার শনিবার থেকে পুরোদমে কাজ শুরু করবে বলে জানান তিনি।  

এর আগে টেস্ট পাইল স্থাপন কাজ শুরু হলেও কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের কাজ এই প্রথম হচ্ছে বলে জানান আব্দুল কাদের।

পাইল স্থাপনের কাজ পরিদর্শন শেষে প্রকৌশলী কাদের বলেন, এটি স্থাপনে ১৫ দিন সময় লাগবে।

পদ্মা সেতুতে দুইটি কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপন করা হবে। আর টেস্ট পাইল হবে ১০টি। এরই মধ্যে ৩টি টেস্ট পাইল স্থাপন হয়ে গেছে বলে জানান তিনি।

আব্দুল কাদের বলেন, এই কনস্ট্রাকশন ট্রয়াল পাইল স্থাপন কাজের মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল।

“ইতোমধ্যেই মূল সেতুর ১৩ দশমিক ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সবমিলিয়ে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়েছে প্রায় ২০ শতাংশ।”

সরেজমিনে দেখা গেছে, প্রকল্প এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ। বর্ষায় উত্তাল পদ্মায় সেতুর কাজ চলছে পুরোদমে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৪২টি পিলারের উপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ পদ্মা সেতুটি নির্মিত হচ্ছে। ১৫০ মিটার পর পর বসবে এই পিলার।

এছাড়া দেড় কিলোমিটার করে উভয়পারে তিন কিলোমিটার সংযোগ সেতুর জন্য আরও ২৪টি পিলার হবে।

মূল সেতুর ৪০টি পিলারে ৬টি করে ২৪০টি এবং দুপারের ১২টিতে দুটি করে ২৪টি পাইল বসাতে হবে। অর্থাৎ সর্বমোট ২৬৪টি পাইল হবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, পদ্মা সেতুর কাজ নির্ধারিত সিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে। স্থানীয় প্রশাসন এই কর্মযজ্ঞ সচল রাখতে সব রকমের সহায়তা দিচ্ছে।

দ্বিতল পদ্মা বহুমুখী সেতুর উপরের তলায় থাকবে চার লেনের মহাসড়ক। নিচে রেল লাইন। ট্রেনের গতিসীমা হবে ১৬০ কিলোমিটার। থাকবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য থাকবে হাই প্রেসার গ্যাস পাইপ লাইন।

পুরনো খবর:

পদ্মাপাড়ের মহাযজ্ঞে
নিজস্ব অর্থে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ