২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 09:54 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

কুড়িগ্রামে শতাধিক গ্রামের প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিতে জেলার ১৬টি নদ-নদীর পানি বেড়ে গেছে। নদ-নদীর পানি ঢুকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তার কাউনিয়া পয়েন্ট ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  করেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ৫৪ সেন্টিমিটার, ধরলার পানি সিএনবি ঘাট এলাকায় ৩৭ সেন্টিমিটার এবং দুধকুমোর নদীর পানি ৫৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

একটি কন্টোল রুম খুলে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।

সরেজমিন দেখা যায়, অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রাম শহরে ফায়ার সার্ভিস স্টেশন, খাদ্য অফিস, আদর্শ জামে মসজিদ ও মাদ্রাসা, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন, জেলা খাদ্য অফিস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর, খাদ্য গুদাম, হাসপাতাল পাড়া, হাটিরপাড়, রৌমারী পাড়া, মজিদা কলেজসহ বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গিয়ে দেখা যায় ধরলা নদীর পানিতে উত্তর নেওয়াবশ, চৌধুরীপাড়া, চরসিতাইঝার, মালভাঙ্গা, কদমতলা, টাপুভেলাকোপা গ্রামের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।

এছাড়া পানির তীব্র স্রোতের কারণে চৌধুরীপাড়া গ্রামের ৫ শত মিটার এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।

চর ভগবতিপুরের কৃষক রহমান মন্ডল ও আব্দুল ওহাব জানান, অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে।

যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর জানান অবিরাম বৃষ্টি আর পহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্র নদ আর দুধকুমোর নদীর পানিতে গারুহারা, চর যাত্রাপুর, ভগবতীপুর, দূর্গারচর (আংশিক) গোয়ালপুর, পার্বতীপুর এলাকার নিচু এলাকা প্লাবিত হয়েছে।