২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের কাজে ‘ফাঁকিবাজি’ আছে: সড়কমন্ত্রী

বিভিন্ন সড়কে দুরাবস্থার জন্য টানা বৃষ্টির পাশাপাশি কাজের নিম্নমানকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 09:30 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “গত কয়েক বছরে এবারের মতো বৃষ্টি হয়নি। ভারি বর্ষণের পাশাপাশি রাস্তার বেশি ক্ষতি হয়েছে কাজের খারাপ মানের জন্য।

“রাস্তার কাজের মান অনেক ক্ষেত্রে যথাযথ হয় না এবং এখানে অনেক ‘ফাঁকিবাজি’ আছে।

সড়ক-মহাসড়ক পরিদর্শন নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “আপনারা অনেক সময় বলেন মন্ত্রী কেন স্পটে যায়? মন্ত্রী স্পটে যায় কাজের মান দেখার জন্য। মন্ত্রী না গেলে কাজের মান যা আছে তাও থাকবে না।”

সড়কের কাজের মান খারাপের বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে কাজগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, মহাসড়কের বিভিন্ন বাজারগুলোতে পানি জমা ঠেকাতে ‘রিজিড পেইভমেন্ট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এজন্য বিশেষ বাজেট বরাদ্দ দিতে অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

এসময় দেশের বিভিন্ন সেতুতে টোল বৃদ্ধির বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও জানান।

দেশের বিভিন্ন সেতুতে টোল বাড়ানোয় পরিবহন মালিক-শ্রমিকদের অসন্তোষ রয়েছে। গত রোববার চট্টগ্রামে নৌমন্ত্রী শাহজাহান খান টোল কমানোর বিষয় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ মাসেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

ওবায়দুল কাদের বলেন, “ইচ্ছে করলেই টোল কমানো যাবে না। এটা কেবিনেটের বিষয়। আমি পরিবহন সেক্টরের লোকজনদের সাথে কথা বলে অসামঞ্জস্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব।”

কিছু কিছু সেতুতে টোল কম রাখার জন্য স্থানীয় সাংসদদের সমালোচনা করে তিনি বলেন, “আমি মন্ত্রী নিজের এলাকায় টোল কম রাখব অন্যগুলোতে বাড়িয়ে- এটা ঠিক না, এটা বৈষম্য।”    

নীতিমালা হওয়ায় অনেক ক্ষেত্রে অস্বাভাবিকভাবে টোল বেড়ে যাওয়ার বিষয়টি মেনে নিয়ে সড়কমন্ত্রী বলেন, “টোল নেওয়ার ক্ষেত্রে জনগণের বিষয়টিও মাথায় রাখতে হবে।”

যেসব সেতুতে টোল বেশি বেড়ে গেছে সেখানে পর্যায়ক্রমে টোল বাড়ানোর পরমর্শ দেন মন্ত্রী।