চট্টগ্রামে আগুনে পুড়ে চিকিৎসকের মৃত্যু
চট্টগ্রামের খুলশীতে ঘরে আগুনে দগ্ধ হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত ডা. ইমতিয়াজ করিম (৫০) ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাইরা বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমতিয়াজ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তিন মাস আগে দেশে আসেন তিনি। খুলশীর চার নম্বর রোডের একটি বাসায় স্ত্রী সাবরিনা সেলিনাকে নিয়ে থাকতেন।
শুক্রবার ভোরে দগ্ধ ইমতিয়াজ ও তার স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভোর ৪টার দিকে তাদের ঘরে আগুন দেখা যায় জানিয়ে ওসি বলেন, “এসময় তাদের বাসার কাজের মেয়েরা চিৎকার শুরু করলে বাড়ির দারোয়ান ও পুলিশ গিয়ে ঘরের জানালার কাঁচ ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
ঘরের এসি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ জানান, ভোরে ডাক্তার ইমতিয়াজ ও তার স্ত্রী সাবরিনাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
“দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের আইসিইউতে ডা. ইমতিয়াজ মারা যান।”
তাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে জানিয়ে ডা. খালেদ বলেন, অবস্থা সংকটাপন্ন হওয়ায় সাবরিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
