চট্টগ্রামের বাঁশখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তসলিমা বেগম (২৩) উপজেলার ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিমউল্লাহর স্ত্রী।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার সকালে শ্বশুর বাড়ি থেকে তসলিমার লাশ উদ্ধার করা হয়।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্বামীর পরকীয়া প্রেম রয়েছে ধারণা করে ক্ষোভে-অভিমানে আত্মহত্যা করেছে তসলিমা।
তবের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন করে তসলিমাকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তসলিমার শ্বাশুড়ি রেহানাকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
ওসি স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে পুলিশ তসলিমা শ্বশুড় বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই ইয়াছিন আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়াই বছর আগে রহিম উল্লাহর সঙ্গে বিয়ে হয় তসলিমার। তাদের এক বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে।
“বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে রহিমউল্লাহ, শাশুড়ি রেহানা, ননদ ও ননদের স্বামী মিলে তসলিমাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। বৃহস্পতিবার রাতে তসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করে তারা।”
এঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ইয়াছিন।
