সাভারে শিশু ধর্ষণ, প্রতিবেশীকে ধরিয়ে দিল জনতা
সাভারের আশুলিয়ায় ১১ বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, মেয়েটির বাবা শুক্রবার সকালে এ বিষয়ে থানায় একটি মামলা করেছেন। এতে প্রতিবেশী ২৪ বছর বয়সী ওই তরুণকে আসামি করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রতিবেশী ওই যুবক পেশায় একজন টাইলস মিস্ত্রী। মেয়েটির পাশের বাসাতেই সে থাকে।
“বৃহস্পতিবার রাতে সে কৌশলে মেয়েটিকে তার ঘরে ডেকে নেয় এবং হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। মেয়েটির বাবা-মা তখন বাড়ি ছিলেন না। তারা ফিরলে মেয়েটি তাদের ঘটনা জানায়। বাবা-মা পরে অন্য প্রতিবেশীদের জানায়।”
জানাজানি হয়ে গেছে বুঝতে পেরে ওই যুবক মধ্যরাতে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন তাকে ধরে পিটুনি দেয়।
মেয়েটির বাবা-মায়ের কাছে খবর পেয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাত ১টার দিকে ঘটনাস্থলে যান এবং ওই যুবককে নিজের হেফাজতে আটকে রাখেন। শুক্রবার তাকে থানায় নিয়ে পুলিশে সোপর্দ করেন চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির বাবা-মা আমাকে সব বলেছে। আমি ওই ছেলেকে থানায় দিয়ে এসেছি।”
এর আগে গত ১৪ অগাস্ট রাতে নিশ্চিন্তপুর এলাকার পরিত্যাক্ত একটি টিনশেড বাড়িতে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করে চার যুবক। ওই চারজনকে পুলিশ পরে গ্রেপ্তার করে।
