অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দুঃখজনক: খন্দকার মাহবুব
জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগ আইনজীবীদের বিরুদ্ধে ওঠাকে ‘উদ্বেগজনক’ বলে অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়াকে ‘দুঃখজনক’ বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রিম কোর্টের দুজন এবং ঢাকার জজ কোর্টের এক আইনজীবীকে বুধবার গ্রেপ্তার করে র্যাব। এদের একজন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।
বুধবার এক আলোচনা সভায় ওই বিষয়টি নিয়ে মাহবুবে আলম বলেছিলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এর আগে প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ছাত্রদের বিরুদ্ধে উঠলেও এই প্রথম আইনজীবীদের বিরুদ্ধে উঠল।
“এটা কি আমাদের জন্য একটা অশনি সংকেত না? আমরা আইনজীবীরা কোনোদিনই চরমপন্থায় ছিলাম না।...এটি এখন নতুনভাবে একটি জিনিস দেখা যাচ্ছে। এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়।”
তার বক্তব্যের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে খন্দকার মাহবুব এক সংবাদ সম্মেলনে বলেন, “জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আইনজীবী সম্পৃক্ত থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না।
“অনেক অভিযোগ আসে, অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাদের দোষী সাব্যস্ত করা হয় যে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত, সেটা দুঃখজনক। এই বক্তব্য যখন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার মুখ থেকে আসে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব বলেন, “একটা বিচারাধীন মামলায় অভিযোগ এসেছে। আমরা এখন প্রতিপক্ষ-আসামিদের বক্তব্য জানি না। হঠাৎ করে এমন বক্তব্য দিয়ে সমগ্র আইনজীবীদের অপমানিত করা হয়েছে।”
“তিনি (অ্যাটর্নি জেনারেল) কথা বলার সময় বিচারাধীন মামলা যাতে প্রভাবিত না হয়, আসামিরা যাতে একটা প্রভাবমুক্ত অবস্থায় থাকতে পারে, সেভাবে লক্ষ্য রেখে বক্তব্য দেবেন,” আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের এই সদস্য।
তিন আইনজীবীকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে একদল আইনজীবী মানবন্ধন কর্মসূচি পালন করে।
খন্দকার মাহবুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যার্টনি জেনারেল সাংবাদিকদের বলেন, “যেহেতু বিষয়টি তদন্তাধীন, এই মুহূর্তে তারা অপরাধী কি না, এই ব্যাপারে আমি বক্তব্য দিচ্ছি না। বারের কোনো সদস্য ইতোপূর্বে এরকম অভিযোগে গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হওয়াটাই দুঃখজনক, উদ্বেগজনক, এই কথা বলেছি।
“তবে এ রকমভাবে আইনজীবী গ্রেপ্তার হওয়াটাই উদ্বেগজনক। বিশেষ করে টেরোরিস্ট ফাইন্যান্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার জন্য। যুক্ত থাকার প্রাথমিক কোনো রকম দৃষ্টান্ত না পেলে আমার মনে হয় গ্রেপ্তার করত না।”
